অনলাইন ডেস্ক:
বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। এই সিরিজ শেষ হবে আগামী ২ মে। তবে এরপর খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজ শেষ করেই তারা মুখোমুখি হবে পাকিস্তানের, খেলবে টেস্ট সিরিজ।
এই সিরিজে অংশ নিতে পাকিস্তান দল ৩ মে ঢাকায় পৌঁছাবে। প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মে, মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ চক্রের অন্তর্ভুক্ত।
এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান, যেখানে তারা ২-১ ব্যবধানে হারে। তবে এবারের সফরে তারা শুধু টেস্ট ম্যাচেই অংশ নেবে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থাকায় তাদের এই সফর দুই ধাপে আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের মাটিতে পাকিস্তান শেষবার টেস্ট খেলেছিল ২০২১ সালের নভেম্বরে। সেই সিরিজে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ২-০ ব্যবধানে জয় পায় মুমিনুল হকের দলের বিপক্ষে।

