বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপে আগ্রহী ভারত

বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপে আগ্রহী ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এ লক্ষ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত বৈঠক ও উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটি।শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ দুই পক্ষের সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। ওই বৈঠকে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত বলেও জানান তিনি।

এর আগে আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পঞ্চম কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সময়সূচির সমন্বয় না হওয়ায় গত সপ্তাহে কূটনৈতিক পত্র পাঠিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ভারত।

কনস্যুলার সংলাপ সামনে রেখে গত ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুশইনের অপচেষ্টা বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও ফেরত পাঠানো এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনায় তোলার বিষয়ে মতামত দেওয়া হয়।

২০১৭ সালে এই সংলাপ শুরু হওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে চার দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ চতুর্থ কনস্যুলার সংলাপ হয় ২০২৪ সালের মে মাসে, ভারতের দিল্লিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *