অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা পদত্যাগ করেছেন। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) হোয়াইট হাউস তার দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রশাসনের সূত্র জানায়, কর্মক্ষেত্রে আচরণ সংক্রান্ত অভিযোগ এবং চলমান তদন্তের প্রেক্ষাপটেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। বিশেষ করে নারী সহকর্মীদের সঙ্গে আচরণ নিয়ে ওঠা অভিযোগ ঘিরে বিতর্ক সৃষ্টি হয়।
ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুং এক বার্তায় জানান, লরি শ্যাভেজ-ডেরেমা সরকারি দায়িত্ব ছেড়ে বেসরকারি খাতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দায়িত্ব পালনকালে শ্রমিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করা হয়।
পদত্যাগের পর দেওয়া এক বিবৃতিতে সাবেক এই শ্রমমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার আগ্রহের কথা জানান।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বা অপসারণের ঘটনা ঘটেছে, যা প্রশাসনের অভ্যন্তরীণ চাপ ও বিতর্ককে সামনে নিয়ে এসেছে।

