ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় জ্বলানি তেলের সংকটে গ্রাহকদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। কাঙ্খিত তেল নিতে প্রতিদিন পেট্রোল পাম্পের সামনে ভীড় করছে গ্রাহকরা। তবে অকটেন ও পেট্রোল না থাকায় জেলার ১৮ টি পেট্রোল পাম্পের অধিকাংশই বন্ধ থাকছে। এতে গ্রাহকদের এক পাম্প থেকে অন্য পাম্পে দৌড়ঝাপ করতে হচ্ছে।
হাতেগনা যে কয়টি পাম্পে তেলা পাওয়া যাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে গ্রাহকদের দীর্ঘসারি। চৈত্রের তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা তেল সংগ্রহ করছেন। আজ সোমবার শহরের ভাদুঘর মেসার্স এস রহমান পাম্পে তেল সংকটে দুইদিন বন্ধ থাকার পর তেল সরবরাহ করা হয়।
এতে পাম্পের আশপাশে তেল নিতে আসা গ্রাহকদের দীর্ঘসারি দেখা যায়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার তেল বিতরণ কার্যক্রম তদারকি করেন। তেল দেয়ার সময় প্রতিটি যানবাহনের রেজিস্ট্রেশন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নিশ্চত হবার পর তেলা দেয়া হচ্ছে।
গ্রাহকরা বলছেন, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল থাকার কথা বলা হলেও বাস্তবে চিত্র ভিন্ন। তাদেরকে দিনের বেশীরভাগ সময় তেলের পেছনে ব্যয় করতে হচ্ছে।

