ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সীমান্ত দিয়ে জ্বালানি পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবি ব্যাটালিয়ান। পাচার প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, গতকাল শনিবার বিজিবির একটি টহলদল পৃথক অভিযানে আখাউড়া উপজেলার দেবগ্রাম ও কুমিল্ল শশীদল এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় শাড়ি, ওষুধ, কসমেটিকসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, চলতি মাসের প্রথম চার দিনে ৬০ বিজিবির সীমান্তে এলাকার বিভিন্ন পয়েন্টে জ্বালানি তেল মাদকসহ বিভিন্ন চোরাচালন ঠেকাতে অভিযান চালিয়েছে বিজিবি। এসময় প্রায় আট কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামাল আখাউড়া কাষ্টমস এ জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকা দিয়ে কোনোভাবেই জ্বালানি তেল পাচার হতে দেওয়া হবে না। এ বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।

