ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তালা ভেঙে ৩০০ অতিথির খাবারের মালামালসহ মন্দিরের সর্বস্ব চুরি করে নিয়ে গেছে চোরের দল। শুক্রবার গভীর রাতে নবীনগরের পশ্চিম পাড়ায় অবস্থিত ভবতারিণী কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভবতারিণী কালী মন্দিরের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত সমীর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আজ শুক্রবার দুপুরে মন্দির চত্বরে তিন শতাধিক আমন্ত্রিত অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করে প্রয়াতের পরিবার। বৃহস্পতিবার রাতে শ্রাদ্ধানুষ্ঠান ও মধ্যাহ্নভোজের যাবতীয় মালামাল মন্দিরের ভেতর রাখা হয়। মধ্যরাতে মন্দিরের তালা ভেঙে স্বর্ণ ও মন্দিরে রাখা শ্রাদ্ধানুষ্ঠানের মালামাল লুট করে নিয়ে যায় চোর।
এ বিষয়ে মন্দিরের সেবায়েত হীরা বর্মণ (৪৮) বলেন, ‘মন্দিরের পাশের ঘরেই থাকি। রাতে সেই ঘরে আমাকে তালাবদ্ধ করে রাখে চোরের দল। পরে মন্দিরের সিসি ক্যামেরা নষ্ট করে মূল মন্দিরের তালা ভেঙে কিছু স্বর্ণ ও শ্রাদ্ধানুষ্ঠানের জন্য আনা মধ্যাহ্নভোজের মালামাল চুরি করে নিয়ে যায়।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নবীনগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। জড়িতদের সনাক্ত করে তোদের আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রয়েছে

