মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামে ঈদুল আজহা উদযাপন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামে ঈদুল আজহা উদযাপন

ওয়ান নিউজ ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধর্মীয় রীতির সঙ্গে সংগতি রেখে মাদারীপুরের ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। বুধবার (২৭ মে) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে এসব এলাকার সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা ঈদের নামাজ আদায় ও কোলাকুলির মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে এবার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের নির্ধারিত প্যান্ডেলে প্রধান জামাত আয়োজন করা সম্ভব হয়নি। এর পরিবর্তে বেলা ১১টায় স্থানীয় চরকালিকাপুর ফরাজীবাড়ি জামে মসজিদে ঈদের মূল জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা সিদ্দিকুর রহমান। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় বাসিন্দা ও সুরেশ্বর দরবার শরিফের মুরিদ সাগর দেওয়ান জানান, প্রায় ১২৮ বছর ধরে তাদের পূর্বপুরুষদের প্রথা মেনে তারা সৌদি আরবের চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় জেলার চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, হোসনাবাদ, রঘুরামপুর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আণ্ডারচর এবং খাসেরহাটসহ ২৫টি গ্রামের হাজার হাজার মানুষ আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উৎসব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *