মার্কিন চুক্তি বাতিল, হামে শিশু মৃত্যুর ঘটনায় বিচার ও হাসপাতালের দুর্নীতি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

মার্কিন চুক্তি বাতিল, হামে শিশু মৃত্যুর ঘটনায় বিচার ও হাসপাতালের দুর্নীতি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি বাতিল, হামে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং সরকারি হাসপাতালের দুর্নীতি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা যুব অধিকার পরিষদের সভাপতি শামীম আহমেদ জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর এবং সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান উবায়দুল্লাহ।

বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পাদিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা জনস্বার্থের আলোকে পর্যালোচনা করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, হামে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে বিদ্যমান অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ করে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আতিকুর রহমান জয়, অর্থ সম্পাদক বাহাদুর হাসান, হেফাজতে ইসলাম নেতা এনামুল হক (শহীদবাড়িয়া), ছাত্র অধিকার পরিষদের সভাপতি সালমান ইসলাম আরিয়ান, সাধারণ সম্পাদক মমিনুল হাসান তাজ, সিনিয়র সহ-সভাপতি ফাইজা আক্তার, গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মোল্লা, প্রচার সম্পাদক ও বিজয়নগর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাহআলম ভূঁইয়া এবং সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোস্তাকিম আহমেদ।

মানববন্ধনে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে উত্থাপিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *