নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমুদাবাদ এলাকার বাসিন্দা শামীম আহমেদ (মুরশেদ) তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন। উক্ত জিডির ট্র্যাকিং নম্বর 1F9VNO ও জিডি নং-৫২৩।
জিডি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া এলাকার হাসনাত মারুফ তার বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেইসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যা তার ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়, কিছুদিন আগে হাসনাত মারুফ তার মোটরসাইকেল ছিনতাই হয়েছে মর্মে একটি অভিযোগ উত্থাপন করেন এবং পরোক্ষভাবে শামীম আহমেদকে জড়ানোর চেষ্টা করেন। তবে বাস্তবে ওই ঘটনার সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আখাউড়া থানার সহযোগিতায় হাসনাত মারুফ তার মোটরসাইকেল নিজেই বুঝে নেন এবং পরবর্তীতে তিনি দায়েরকৃত অভিযোগও প্রত্যাহার করে নেন।
শামীম আহমেদ আরও জানান, উক্ত মোটরসাইকেল কে বা কারা নিয়ে গিয়েছিল বা কোথায় ছিল সে বিষয়ে তার কোনো জ্ঞান বা সংশ্লিষ্টতা নেই। কিন্তু এরপরও হাসনাত মারুফ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তাকে হয়রানি করা বা মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হতে পারে। এ কারণে নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি নথিভুক্ত রাখার স্বার্থে তিনি আখাউড়া থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন। শামীর আহমেদ জানান, সাধারণ ডায়রি করার পর থেকে সে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।

