মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ প্রধান দিপকে

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ প্রধান দিপকে

আন্তর্জাতিক ডেস্ক:

নির্বাচনি জালিয়াতির অভিযোগে চলমান বিক্ষোভের অংশ হিসেবে কনট প্লেসে মিছিল করতে যাওয়ার সময় গ্রেফতার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। 

শুক্রবার তাকে আটক ও পরে গ্রেফতার করার এক দিন পর শনিবার (১৭ অক্টোবর) এ নির্দেশ দেওয়া হয়। আদালত অভিজিৎ দিপকেকে ৫০ হাজার রুপির বন্ড জমা দিতে এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করবেন না বলে মুচলেকা দিতে নির্দেশ দিয়েছেন। ম্যাজিস্ট্রেটের সামনে শুনানি শেষে মন্দির মার্গ থানার বাইরে বেরিয়ে আসেন তিনি। দিল্লি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পিটিআই।

দিপকের পাশাপাশি শুক্রবার আটক করা হয়েছিল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও। শনিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে দিপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

এদিকে, যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে সিজেপির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। গত সপ্তাহে যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে নির্ধারিত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ মিছিলের আগে নেহা বোরা ও অভিজিৎ দিপকেকে সতর্কতামূলক হেফাজতে নেওয়া হয়। ওই কর্মসূচিতে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা ছিল। তবে শিক্ষার্থী ও অন্যরা পতাকা নিয়ে ছোট ছোট মিছিল করেছেন।

দিল্লি পুলিশ আইনের আওতায় আটক-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার ১২৬ ও ১৭০ ধারায় নতুন মামলায় দিপকেকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে দিপকেকে আটক করা হয়েছিল। তখনও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৃথক মামলা করা হয়। সে সময় এক বছরের জন্য শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করবেন না মর্মে মুচলেকা দিতে হয়েছিল ককরোচ জনতা পার্টির প্রধানকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *