নিজস্ব প্রতিবেদক:
দুই দেশের মাঝের তারকাটার ব্যবধান মায়ের সাথে মেয়ের স্বশরীরে দেখা হয়নি অনেক বছর। তবে মা মোছাঃ জায়রা খাতুন (৭০) মৃত্যুবরণ করায় সেই তারকাটার পাশেই শেষ দেখাটাই হলো সরাসরি। এটাই জীবনের শেষ দেখা তাই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-বিজিবির মানবিকতায় মায়ের মুখটা দেখলো মেয়ে হাফিজা খাতুন।
জানাগেছে, বুধবার রাতে বার্ধক্যজনিত কারনেই মৃত্যুবরণ করেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানাধীন গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোছাঃ জায়রা খাতুন (৭০)। পরিবারের সদস্যদের আবেদনের ফলে বৃহষ্পতিবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশে থাকা মেয়ে ও স্বজনরা শেষবারের মতো অন্তত একবার তার মুখটি দেখতে পারেন।
সেই মানবিক আবেদন বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। মরদেহ দেখানো হয় মুজিবনগর সীমান্ত এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শূন্য লাইনে। প্রায় ২০ মিনিট সীমান্তে রাখা হয় মরদেহটি। আবেগঘন পরিবেশে স্বজনরা বিদায় জানান মোছাঃ জায়রা খাতুনকে। এরপর মরদেহটি আবারও ভারতে ফিরিয়ে নেওয়া হয়।
এসময় মুজিবনগর নাজিরাকোনা বি ও পি বিজিবির টহল কমান্ডার হাবিলদার মোঃ শরিফুল ইসলাম ও বিএসএফ এর ইন্সপেক্টর এস কে রয়সহ উভয় দেশের ৫ জন করে সদস্য উপস্থিত ছিলেন।

