মেসির জোড়া গোলে রোমাঞ্চকর জয়, নতুন কোচকে জয়ের উপহার মিয়ামির

মেসির জোড়া গোলে রোমাঞ্চকর জয়, নতুন কোচকে জয়ের উপহার মিয়ামির

লিওনেল মেসির জোড়া গোলে দারুণ এক জয় তুলে নিয়েছে ইন্টার মিয়ামি। শনিবার ৭৫ হাজারের বেশি দর্শকের সামনে কলোরাডো র‌্যাপিডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে নতুন কোচ গিয়ের্মো হোইয়োসকে অভিষেক ম্যাচেই জয়ের উপহার দেন আর্জেন্টাইন এই তারকা।

সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচের দায়িত্ব ছেড়ে দেন হাভিয়ের মাসচেরানো। তার বিদায়ের পরই দায়িত্ব নেন হোইয়োস, আর প্রথম ম্যাচেই দলের জয়ে তিনি পান আত্মবিশ্বাসী শুরু।

মেসির উপস্থিতির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয় ডেনভারের বড় এনএফএল স্টেডিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন ৭৫ হাজার ৮২৪ জন দর্শক, যা এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতি হিসেবে বিবেচিত।

ম্যাচের শুরুতে মিয়ামি কিছুটা ধীরগতিতে খেললেও প্রথম গোলের সুযোগ আসে প্রতিপক্ষের ভুলে। নিজেদের ডিফেন্স থেকে বল বের করতে গিয়ে কলোরাডোর জশ আতেনসিও ফাউল করলে পেনাল্টি পায় মিয়ামি। ভিএআর যাচাই শেষে সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি।

প্রথমার্ধের শেষ দিকে মেসির দুর্দান্ত ফ্লিক থেকে তৈরি আক্রমণে মাতেও সিলভেত্তির ক্রসে হেড করে গোল করেন হেরমান বেরতেরামে। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কলোরাডো। রাফায়েল নাভারো একক প্রচেষ্টায় একটি গোল শোধ করেন। এরপর লুকাস হেরিংটনের পাস থেকে দারেন ইয়াপি গোল করে সমতা ফেরান।

তবে ম্যাচের শেষভাগে আবারও পার্থক্য গড়ে দেন মেসি। রদ্রিগো দে পলের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জয়সূচক গোলটি করেন তিনি।

এই জয়ের ফলে ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *