মেহেরপুরে ডিবির অভিযানে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

মেহেরপুরে ডিবির অভিযানে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে সাত ফুট (৯১ ইঞ্চি) লম্বা এবং প্রায় ৪ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ধলা মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ধলা গ্রামের সাব্দুদ মন্ডল। তিনি একই গ্রামের জমিরউদ্দীন মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি প্রদীপ কুমার সানার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আলি রাজ এবং ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে ধলা ক্যাম্পের পুলিশ সদস্যরা। অভিযানে প্রায় সাড়ে সাত ফুট (৯১ ইঞ্চি) লম্বা ও আনুমানিক ৪ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানা বলেন, ‘মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছটি উদ্ধার করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) আলি রাজ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হলে এবং গাংনী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আটক ব্যক্তিকে গাংনী থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *