মেহেরপুরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

মেহেরপুরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলার পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গাংনী উপজেলার করমদী মাঠপাড়া গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে আরিশা খাতুন (২) ও মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে নাবিল হোসেন (১০)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়ার রাকিবুল ইসলামের কন্যা শিশু আরিশা খাতুন বাড়ির পাশে খেলছিলো। এ সময় অসাবধানতাবশত আরিশা প্রতিবেশি শফিকুল ইসলামের পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহাবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিমুল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

অপরদিকে, মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাবিল হোসেন (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মানিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডিএস আমানিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বাড়িতে টিফিন খেয়ে সাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিল নাবিল। পথে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *