যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে জরুরি অস্ত্রোপচার, বসানো হয়েছে স্টেন্ট

যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে জরুরি অস্ত্রোপচার, বসানো হয়েছে স্টেন্ট

ওয়ান নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। পরে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করা হয় এবং হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছে বঙ্গভবন।

মঙ্গলবার (১২ মে) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রের একটি ধমনীতে জটিল ব্লক শনাক্ত হলে দ্রুত চিকিৎসকরা এনজিওপ্লাস্টির সিদ্ধান্ত নেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে জানানো হয়, হাসপাতালের বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসক ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি।

এর আগে ২০২৩ সালে সিঙ্গাপুরে হৃদযন্ত্রের ওপেন হার্ট সার্জারি করানো হয়েছিল রাষ্ট্রপতির। এরপর থেকে নিয়মিত ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে যুক্তরাজ্যের এই বিশেষায়িত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন তিনি।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতাল আন্তর্জাতিকভাবে সুপরিচিত। হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও জটিল অস্ত্রোপচারের জন্য হাসপাতালটি বিশেষ সুনাম অর্জন করেছে।

গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *