ওয়ান নিউজ ডেস্ক
সাম্প্রতিক সময়ে সংঘটিত ধর্ষণ ও হত্যার মতো আলোচিত অপরাধগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর সংঘটিত প্রতিটি আলোচিত অপরাধের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। কোনো ঘটনাতেই আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ছিল না বলে মন্তব্য করেন তিনি।
রামিসা হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে এবং অল্প সময়ের মধ্যেই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচিত কিন্তু অমীমাংসিত থাকা তনুসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলাও নতুনভাবে তালিকাভুক্ত করে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। পুলিশের বিভিন্ন কাঠামোগত সংস্কার প্রক্রিয়াও চলমান রয়েছে। তবে সবকিছু বাস্তবায়নে সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
আইন সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ঘটনা ঘটলেই আবেগপ্রবণ হয়ে নতুন আইন বা বিশেষ আদালত গঠন করা উচিত নয়। কঠোর আইন প্রয়োগের ক্ষেত্রে যেন অপব্যবহার না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নাগরিকত্ব ও অভিবাসন ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে প্রত্যার্পণের চেষ্টা করছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগও করা হয়েছে।

