ওয়ান নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর অনুষ্ঠান এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয়ভাবে পানি নিষ্কাশন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে স্বল্প সময়ের বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ সময় তিন দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

