ওয়ান নিউজ ডেস্ক:
বাংলাদেশ সফরে এসে কেবল সিরিজ জয়ের লক্ষ্য নয়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার দিকেও নজর রাখছে পাকিস্তান দল। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি।
মার্চে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। দুই মাসের ব্যবধানে আবারও ঢাকায় ফিরেছে দলটি। তবে এবার সফরের লক্ষ্য ও ফরম্যাট ভিন্ন। টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আফ্রিদি।
তিনি বলেন, যেকোনো দল নিজেদের মাঠে শক্তিশালী হয়ে ওঠে। তাই বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই পাকিস্তানের মূল লক্ষ্য। একইসঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে যাওয়ার চিন্তা করছে দলটি।
আফ্রিদির ভাষায়, “আমরা শুধু একটি সিরিজ নিয়ে ভাবছি না। কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া যায়, সেটিও মাথায় আছে। দল হিসেবে আমরা প্রস্তুত।”
মিরপুরের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের এই পেসার বলেন, বাংলাদেশ বরাবরই নিজেদের কন্ডিশনকে কাজে লাগাতে জানে। কখনো স্পিন সহায়ক উইকেট তৈরি করে, আবার কখনো ভিন্ন কৌশল নেয়। তবে পাকিস্তান দলও সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, সবুজ উইকেটে যেমন তাদের পেসাররা কার্যকর হতে পারেন, তেমনি স্পিন সহায়ক উইকেটের জন্যও দলে পর্যাপ্ত মানসম্পন্ন স্পিনার রয়েছে।
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার প্রশংসাও করেন শাহীন আফ্রিদি। সাম্প্রতিক পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি বলেন, নাহিদ বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় সম্ভাবনাময় একজন বোলার। যদিও হাসতে হাসতে যোগ করেন, “আশা করি এই সিরিজে খুব বেশি ভালো করবে না।”

