আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে দুটি শর্তের কথা জানা গেছে। দিল্লির কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সামরিক বিমান পাঠাতে হবে অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো স্থানে তাঁকে গ্রহণ করতে হবে। পাশাপাশি দেশে ফেরার পর তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং জুলাই গণহত্যার অভিযোগে নতুন করে বিচার শুরুর সুযোগ নিশ্চিত করতে হবে।
২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। বাংলাদেশে তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দেন। এখন পর্যন্ত সেই অবস্থানে অনড় থাকলেও ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানাননি।
তাঁর দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় করা অনুরোধও প্রায় দুই বছর ধরে ঝুলে আছে। ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক বার্তার মাধ্যমে বাংলাদেশ প্রথম এ অনুরোধ জানায়। এরপর একাধিকবার তাগাদা দেওয়া হলেও ভারত এখন পর্যন্ত ইতিবাচক বা নেতিবাচক কোনো জবাব দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বরাবরই বিষয়টিকে আইনগত বলে উল্লেখ করে আসছেন।
শেখ হাসিনার ঘোষণার সঙ্গে ভারতের অবস্থান
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের প্রচ্ছন্ন সম্মতি ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার এমন ঘোষণা দিতেন না। অর্থাৎ, তাঁর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে শেখ হাসিনা ও দিল্লির মধ্যে সমঝোতা হয়েছে বলেই এ ঘোষণা এসেছে। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারত সরকারের জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠেছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দেশটিকে। গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে ভারত দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে, এমন সমালোচনাও রয়েছে।
ভারতের কাছে সবচেয়ে সুবিধাজনক সমাধান হতো শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে গেলে। এ নিয়ে অতীতে কয়েকটি দেশের সঙ্গে দিল্লির আলোচনা হলেও নানা কারণে তা সফল হয়নি। ফলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়াকেই এখন বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছে ভারত। বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দিল্লির নীতিনির্ধারকেরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়া বিদেশি অতিথিদের সঙ্গে দেশটির সরকার নিয়মিতভাবে পরিস্থিতি ও অবস্থান নিয়ে আলোচনা করে। শেখ হাসিনার ক্ষেত্রেও এমন ব্রিফিং হয়েছে। এসব আলোচনায় ভারতের মনোভাব তাঁকে জানানো হয়েছিল। দুই পক্ষের মধ্যে এ বিষয়ে ঐকমত্য হওয়ার পরই ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানান শেখ হাসিনা।
প্রত্যর্পণের অনুরোধে ভারতের নীরবতা কেন
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধে ভারত এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। এর কারণ হিসেবে ভারতীয় পর্যবেক্ষকেরা বলছেন, শেখ হাসিনা দেশটির দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত রাজনৈতিক মিত্র। তাঁকে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার বিষয়টি দিল্লির কাছে গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অতীতে বিদেশ থেকে বন্দিদের হাতকড়া পরিয়েও দেশে ফিরিয়ে আনার নজিরের কথা বলেছেন। তবে শেখ হাসিনার ক্ষেত্রে ভারত এমন পদক্ষেপ নেবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। তাঁদের মতে, এভাবে শেখ হাসিনাকে হস্তান্তর করলে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ বিভিন্ন দেশে ভারতের মিত্র রাজনৈতিক নেতাদের কাছে নেতিবাচক বার্তা যাবে। তাঁরা ভবিষ্যতে ভারতের ওপর আস্থা রাখতে চাইবেন না।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতে প্রবেশ করেন, তখন তিনি আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না; বরং প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের দৃষ্টিতে তাঁর সেই অবস্থানের পরিবর্তন হয়নি। ভারত ও বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু আইনি সুযোগ রয়েছে, যেগুলো ব্যবহার করে কোনো অনুরোধ দীর্ঘদিন ঝুলিয়ে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধের ক্ষেত্রেও ভারত সেই সুযোগ কাজে লাগাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফেরানোর ক্ষেত্রে ভারতের দুই শর্ত
দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতের প্রধান শর্ত দুটি। প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমানে ভারতে পৌঁছেছিলেন, তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। এ জন্য সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে নিয়ে যাওয়া যেতে পারে। বিকল্প হিসেবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানে বাংলাদেশের সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে। এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও আয়োজনের জন্য ভারত প্রস্তুত রয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
দ্বিতীয় শর্ত হলো, দেশে ফেরার পর শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারেন এবং জুলাই গণহত্যার অভিযোগে নতুন করে বিচার শুরুর সুযোগ পান, সে নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে। তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে যেন বিষয়টি বিবেচিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে চায় ভারত। এ কারণে প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্যও করছে না দেশটি।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।” ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু হলে তা যেন আন্তর্জাতিক সম্প্রদায় ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারির মধ্যেও থাকে, সেটিও নিশ্চিত করতে চায় ভারত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের এই দুই শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে কয়েক মাস ধরেই ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে।
দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা
শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে দিল্লি। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আকস্মিক সফরে দিল্লি যান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এ বিষয়ে ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র তখন বলেছিল, বিশেষ কোনো পরিস্থিতি বা প্রয়োজন ছাড়া বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের প্রয়োজন নেই। সূত্রটির ইঙ্গিত ছিল, শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এ আলোচনা।
গত দুই থেকে আড়াই বছরে ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে নানা টানাপোড়েন থাকলেও দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তাঁর পূর্বসূরিরা একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের আগে থেকেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের প্রতি সপ্তাহে কথা হতো এবং এখনো সেই যোগাযোগ রয়েছে।
দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান স্বাভাবিক সম্পর্ক শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় কাজে লাগাতে চায় ভারত। সামরিক সূত্রটির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে ফিরে শেখ হাসিনার নিরাপত্তা যেন ঝুঁকির মুখে না পড়ে, সেটিও নিশ্চিত করতে চায় দিল্লি। কারণ তাঁর নিরাপত্তার বিষয়টি এখন ভারতের দায়িত্বের মধ্যেই পড়েছে বলে মনে করছে দেশটি। এ কারণে দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী গ্রহণ করুক,এমন প্রত্যাশাও রয়েছে ভারতের।
ডিসেম্বরে দেশে ফেরা কতটা সম্ভব
শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ভারতের ধারণা, তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে বড় বাধা বাংলাদেশের অবস্থান। দিল্লির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার দাবি, বাংলাদেশ সরকার প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাস্তবে তাঁর দেশে ফেরা চায় না। তাঁদের ধারণা, জ্বালানি খাতের সংকট থেকে শুরু করে পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ নানা সমস্যার মধ্যে থাকা বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তনে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা করছে।
এ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সঙ্গে বেশ কয়েকটি শর্ত ও জটিলতা জড়িত। সব বিষয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে, এমন সম্ভাবনা খুব বেশি দেখছে না দিল্লি। তাই ঘটনাপ্রবাহে বড় কোনো পরিবর্তন না এলে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম বলেই মনে করছেন দিল্লির অধিকাংশ পর্যবেক্ষক।

