শেষ শ্রদ্ধার জন্য শহীদ মিনারে নেওয়া হবে নাট্যজন আতাউর রহমানের মরদেহ

শেষ শ্রদ্ধার জন্য শহীদ মিনারে নেওয়া হবে নাট্যজন আতাউর রহমানের মরদেহ

ওয়ান নিউজ ডেস্ক: দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অভিনেতা আতাউর রহমানের মরদেহ আজ মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে। এর আগে জোহরের নামাজের পর রাজধানীর মগবাজারে তার বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার গভীর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আতাউর রহমান। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কয়েক দফায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান ছিলেন বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম পথিকৃৎ। অভিনয়, মঞ্চনির্দেশনা, নাট্যরচনা ও সাংস্কৃতিক আন্দোলনে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

দেশের সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন। এছাড়া নাট্যচর্চা, লেখালেখি ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।

তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে নাট্য ও সংস্কৃতি বিষয়ক একাধিক বই। টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও তিনি রেখে গেছেন শক্তিশালী উপস্থিতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *