আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব নাকচ করেছে ইরান। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তেহরান স্পষ্ট করেছে, ওয়াশিংটনের সঙ্গে মুখোমুখি বৈঠকে তারা অংশ নেবে না।
এদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও তেলের বাজার স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার এই সফরে নেতৃত্ব দিচ্ছেন। প্রয়োজন হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আলোচনায় যোগ দিতে পারেন বলে জানা গেছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও ইতোমধ্যে ইসলামাবাদে অবস্থান করছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই তাদের।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের অবস্থান ও প্রস্তাবগুলো পাকিস্তানের মাধ্যমে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, সরাসরি সংলাপ এড়িয়ে মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা চালানোর এই কৌশল বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।

