সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার

ওয়ান নিউজ ডেস্ক:


জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র জানায়, সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

জানা গেছে, রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলায় তার নাম রয়েছে। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। ইতোমধ্যে ওই মামলায় টিপু মুনশি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন শিরীন শারমিন চৌধুরী। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা চারবার এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। পরবর্তীতে ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *