সিজারের পর প্রসূতির মৃত্যু, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাসপাতালে ভাঙচুর

সিজারের পর প্রসূতির মৃত্যু, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাসপাতালে ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিজার অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর ও বিক্ষোভ করেছেন।
শনিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার একটি বেসরকারি প্রতিষ্ঠান আহমেদ হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত রাকিবা আক্তার (১৮) লাউর ফতেহপুর ইউনিয়নের মিজান মিয়ার মেয়ে।

প্রসূতির পরিবারের অভিযোগ, শনিবার রাত ১২টার দিকে প্রসব ব্যথা উঠলে রাকিবাকে আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি সুস্থ ছিলেন এবং স্বাভাবিক প্রসবের জন্য অনুরোধ জানানো হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সিজার করার সিদ্ধান্ত নেয়।

পরে গাইনী চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামান তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু এরপর রাকিবাকে অচেতন অবস্থায় ফেলে রাখা হয় বলে অভিযোগ পরিবারের। একপর্যায়ে তাকে কুমিল্লায় নেওয়ার পরামর্শ দেওয়া হলে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা দেখতে পান, রাকিবা আক্তার মারা গেছেন। পরিবারের দাবি, চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর রোববার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *