ডেস্ক রিপোর্ট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে) দুপুরে সীমান্তের শূন্যরেখার ভেতরে বাংলাদেশ অংশ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।
সীমান্ত সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের একটি টহল দল সীমান্ত এলাকায় ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছিল। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি ভুট্টাক্ষেতে পড়ে যায়। ঘটনাটি ঘটার পর বিএসএফ সদস্যরা ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেয়, এতে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বিজিবির এক কর্মকর্তা জানান, বর্তমানে ড্রোনটি তাদের কাছে রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।
এ বিষয়ে বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, বিএসএফ কর্তৃপক্ষ ইতোমধ্যে যোগাযোগ করেছে এবং ড্রোনটির বিষয়ে জানতে চেয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

