স্থানীয় সরকারে অনিয়ম তদন্তে কমিটি, আসিফ মাহমুদকে ঘিরে অভিযোগ প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকারে অনিয়ম তদন্তে কমিটি, আসিফ মাহমুদকে ঘিরে অভিযোগ প্রতিমন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক:
স্থানীয় সরকার বিভাগে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়কার কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া একটি প্রকল্পের ফাইল সচিবের স্বাক্ষর ছাড়াই অনুমোদন করেছিলেন।

প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন দফতর ও সংস্থায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির ঘটনা তদন্তের আওতায় আনা হবে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়কার কার্যক্রমও তদন্ত করা হবে। আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ব্রিফিংয়ে পিরোজপুরের একটি উন্নয়ন প্রকল্প নিয়েও গুরুতর অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী। তার দাবি, সেখানে টেন্ডার সম্পন্ন হওয়ার পরও কাজ না করেই বিপুল পরিমাণ অর্থ উত্তোলনের ঘটনা ঘটেছে। এ কারণে জেলার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে।

তিনি আরও বলেন, শুধু পিরোজপুর নয়, দেশের বিভিন্ন এলাকায় রাস্তা, সেতু ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *