স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দলটিকে জরিমানা করেছে।
বুধবার (২২ এপ্রিল) আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্লো-ওভার রেটের কারণে বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হবে।
জানা গেছে, দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। এ কারণে আইসিসির নিয়ম অনুযায়ী এই শাস্তি আরোপ করা হয়েছে।
মাঠের আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই সিদ্ধান্ত দেন। সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা ধার্য করা হয়।
বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

