আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলি হামলায় গুরুতর আহত হওয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার কারণে ভবিষ্যতে কৃত্রিম পা ব্যবহার এবং একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এক হামলায় তিনি গুরুতরভাবে আহত হন, যেখানে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানা গেছে। ওই ঘটনায় মোজতবা খামেনি প্রাণে বেঁচে গেলেও তার শরীরে গুরুতর আঘাত লাগে।
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তার একটি পায়ে একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছে এবং সেটির কার্যক্ষমতা স্বাভাবিক রাখতে কৃত্রিম অঙ্গের প্রয়োজন হতে পারে। পাশাপাশি তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।
এছাড়া হামলার ফলে তার মুখমণ্ডল ও ঠোঁটে আঘাতের কারণে কথা বলতেও সমস্যা হচ্ছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে ভবিষ্যতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে।
নিরাপত্তাজনিত কারণে বর্তমানে তাকে গোপন স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং খুব সীমিত পরিসরে চিকিৎসকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

