হামের লক্ষণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯ শিশু ভর্তি, সাতজন সনাক্ত

হামের লক্ষণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯ শিশু ভর্তি, সাতজন সনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বয়সের ৪৯ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সাতজন রোগীর শরীরে হাম শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ২৭ জন শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন শিশু ভর্তি হয়েছে। হামে আক্রান্ত বা লক্ষণযুক্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে, যেখানে তাদের পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে সরেজমিনে দেখা গেছে, আইসোলেশন ওয়ার্ডে ১০টি বেডের বিপরীতে ২৭ জন রোগী ভর্তি থাকায় অধিকাংশ শিশুকেই মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে গরমের মধ্যে ভোগান্তির কথা জানিয়েছেন রোগীর স্বজনরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগ নির্ণয়ের জন্য শিশুদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে জানা যাবে তারা হাম আক্রান্ত কি না। হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞরা রোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আক্তার হোসেন জানান, হামের লক্ষণ নিয়ে বর্তমানে ২৭ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের জন্য আলাদা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে এবং সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *