ওয়ান নিউজ ডেস্ক: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও আন্তঃমন্ত্রণালয় সভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন। তবে এবার টেকনাফের পরিবর্তে কেবল কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকেই পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় দ্বীপে নৌযান চলাচলে পরিবেশ মন্ত্রণালয়ের আগাম অনুমোদন বাধ্যতামূলক করার পাশাপাশি প্রতিদিন সর্বোচ্চ ৩,৫০০ জন পর্যটকের যাতায়াত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া, দ্বীপে ভ্রমণকারী প্রত্যেক পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে এই নতুন নির্দেশনাসমূহ বাস্তবায়ন করা হবে।

