২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক:

দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রমে গতি আনা এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০২৬ সালের মধ্যেই এসব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ-সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কারখানাগুলো সচল করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমের গতি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সরকারি শিল্পকারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় সমন্বয় ও উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি ২০২৬ সালের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন।

বৈঠকে দেশে একটি সার্বিক বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চপর্যায়ের এ বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *