আন্তর্জাতিক ডেস্ক:
২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। এ জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। গত শনিবার (০৭ নভেম্বর) ভারতের কোচিতে সিজেপির ‘যন্তর মন্তর অ্যাট কোচি’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন দীপকে।
মোদি ক্ষমতায় টিকে থাকবেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমন দাবির প্রসঙ্গ তুলে সিজেপির এই নেতা বলেন, ‘২০২৯ সালের জন্য প্রস্তুত থাকুন। তিনি অবশ্যই ক্ষমতা ছাড়বেন।’ এ সময় উপস্থিত জনতার উদ্দেশে বারবার জানতে চান, ২০২৯ সালে মোদি ক্ষমতা হারাবেন কি না। তার প্রশ্নে বিক্ষোভকারীরা উল্লাস প্রকাশ করেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ জরুরি বলেও মন্তব্য করেন দীপকে। তিনি বলেন, ‘জ্ঞানেশ কুমারকে যেতেই হবে। তিনি গেলে নরেন্দ্র মোদিও যাবেন। প্রধান নির্বাচন কমিশনারকে রক্ষা করতে মোদি সরকার যুবসমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নরেন্দ্র মোদির কাছে জ্ঞানেশ কুমার কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন।
দীপকের অভিযোগ, সরকার ধীরে ধীরে মানুষের খাদ্যাভ্যাস, বিয়ে এবং ভোট দেওয়ার সিদ্ধান্তও নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘প্রথমে তারা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল আপনারা কী খাবেন, এরপর কাকে আপনারা ভালোবাসবেন বা বিয়ে করবেন, আর এখন তারা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে তারা নিয়ন্ত্রণ করতে চায় আপনারা কাকে ভোট দেবেন।’ কোচির রাজেন্দ্র ময়দানে আয়োজিত এ প্রতিবাদ সভায় বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বিভিন্ন যুব ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এর আগে মেরিন ড্রাইভ থেকে রাজেন্দ্র ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন অভিনেতা প্রকাশ রাজ।

