ডেস্ক রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের সময় দেশে শিশুদের জন্য হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ কারণে হামের সংক্রমণ পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং অনেক শিশু আক্রান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, আগের সরকারের পাশাপাশি অন্তর্বর্তী সময়েও টিকা আমদানিতে ঘাটতি ছিল। ফলে দেশে টিকার সরবরাহে সমস্যা দেখা দেয়। তবে বর্তমান সরকার দ্রুত পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, ইউনিসেফের সহযোগিতায় জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ করা হয়েছে এবং প্রায় ২ কোটি শিশুকে হামের টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া হামের পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের স্বল্পতার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ইতোমধ্যে কিছু কিট দেশে পৌঁছেছে এবং আরও কিছু কাস্টমসে রয়েছে, যা দ্রুত ছাড় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকার হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

