আন্তর্জাতিক ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে সীমিত হয়ে পড়া গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও আলোচনায় এসেছে। এবার রাশিয়ার একটি বিলাসবহুল সুপারইয়াট ‘নর্ড’ এই সংবেদনশীল পথ অতিক্রম করেছে, যা আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রায় ৪৬৫ ফুট দীর্ঘ ও অর্ধ বিলিয়ন ডলারের বেশি মূল্যের এই ইয়াটটি রুশ ধনকুবের আলেক্সি মোর্দাসোভের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুবাই থেকে যাত্রা করে জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে ওমানের মাসকাটে পৌঁছায়।
যুদ্ধ পরিস্থিতির কারণে গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান এই জলপথে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে। ফলে আগে যেখানে প্রতিদিন শতাধিক জাহাজ চলাচল করত, এখন সেখানে খুব সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে। এমন অবস্থায় একটি বিলাসবহুল রুশ জাহাজের নির্বিঘ্নে পারাপার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা ইরান ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের ইঙ্গিত বহন করে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা আরও জোরদার হয়েছে, যার প্রতিফলন এই ঘটনাতেও দেখা যেতে পারে।
উল্লেখ্য, ‘নর্ড’ নামের এই ইয়াটটিতে রয়েছে একাধিক বিলাসবহুল সুবিধা—বিশাল সুইমিং পুল, হেলিপ্যাড, এমনকি একটি সাবমেরিনও। যদিও মালিকানা নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে, তবে বিভিন্ন নথিতে এটি রুশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত বলে জানা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ এখনো কার্যকর রয়েছে। তবে এমন পরিস্থিতিতে একটি রুশ জাহাজের সহজে চলাচল অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি নৌযাত্রা নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য ও কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
সূত্র: এনডিটিভি

