ওয়ান নিউজ ডেস্ক:
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে অভিযোগ গঠন করে এই আদেশ দেন।
আদালত একইসঙ্গে আগামী ১৩ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। এদিন দুদকের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণ অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট জমা দেওয়া হয়।
তদন্তে উঠে আসে, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে যে পরিমাণ সম্পদের তথ্য দিয়েছেন, তার চেয়ে অনেক বেশি সম্পদের প্রমাণ পাওয়া গেছে। হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকা। এর বিপরীতে বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে প্রায় ৬ কোটি ৫৯ লাখ টাকা। ব্যয় বাদ দিয়ে নিট সঞ্চয় হিসাব করলে দেখা যায়, প্রায় ১১ কোটির বেশি সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত।
চার্জশিটে আরও উল্লেখ করা হয়, এসব অর্থের উৎস গোপন রেখে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগ খাতে স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে।
আদালতের এ আদেশের মধ্য দিয়ে বহুল আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

