ওয়ান নিউজ ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় চীনা সেনাবাহিনী (পিএলএ) প্রায় ৫০ কিলোমিটার ভেতরে প্রবেশ করে অবস্থান নিয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন রাজ্যটির কংগ্রেস সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী বসিরাম সিরাম। সোমবার (২৬ অক্টোবর) তিনি জানান, আগস্টের শেষদিকে সীমান্ত এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন যে, চীনা সেনারা ভারতের ভূখণ্ডে ঢুকে পাহাড়ের উঁচু চূড়াগুলোতে অবস্থান নিয়েছে এবং আসাফিলাসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। তবে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। এর আগে ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও একই ধরনের অভিযোগ নাকচ করে দিলেও উঁচু এলাকায় চীনের তৎপরতা বৃদ্ধির কথা স্বীকার করেছিলেন। সরকারিভাবে অনুপ্রবেশের দাবি উড়িয়ে দেওয়া হলেও স্থানীয় বাসিন্দারা বারবার কেন এই অভিযোগ তুলছেন, তা নিয়ে প্রশ্ন তুলে সীমান্তের প্রকৃত পরিস্থিতি উদ্ঘাটনে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের জোর দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা বসিরাম সিরাম।

