আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে প্রস্তুতির জোর তৎপরতা

আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে প্রস্তুতির জোর তৎপরতা

ওয়ান নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার সিলেট সফরে যাচ্ছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম সিলেট সফর। এ সফরকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন, সিটি করপোরেশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে সব প্রস্তুতি সম্পন্ন করছে।

নগরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। রাস্তা সংস্কার, গাছপালা ছাঁটাই এবং সরকারি ভবনগুলো নতুন করে সাজানো হচ্ছে। অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানও জোরদার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে। নির্দিষ্ট এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপন, নজরদারি বৃদ্ধি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সফরকালে নির্ধারিত এলাকার আশপাশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

পরে নগরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের একটি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ ওভারসিজ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন, কান্দিগাঁওয়ে বাসিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং সিলেট জেলা স্টেডিয়ামে একটি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই সফর সিলেটবাসীর জন্য গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সূচনা এতে নতুন গতি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *