খেলা ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে। তাদের প্রত্যেককে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আলাদা দুটি ঘটনায় এই শাস্তির মুখে পড়েন তারা।
আইসিসির তথ্যমতে, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় প্রতিপক্ষকে উদ্দেশ করে অবমাননাকর অঙ্গভঙ্গি বা আচরণ নিষিদ্ধ। ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হওয়ার পর তাকে ইশারা করে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়ায় এই অভিযোগ আনা হয়।
অন্যদিকে শারমিন সুলতানা ২.৮ ধারা ভঙ্গ করেছেন, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট। এলবিডব্লিউ আউট হওয়ার পর তিনি ব্যাট তুলে আপত্তি জানান এবং কিছুটা দেরিতে মাঠ ত্যাগ করেন।
শাস্তির অংশ হিসেবে জরিমানার পাশাপাশি দুই ক্রিকেটারের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। তারা নিজেদের ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি এবং ম্যাচ রেফারির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন।
ম্যাচের ফলাফলে শ্রীলঙ্কা চার উইকেটে জয় পেয়ে সিরিজে সমতা ফেরায়। ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ অবস্থায় রয়েছে এবং শেষ ম্যাচটি নির্ধারণী লড়াইয়ে পরিণত হয়েছে।

