বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন থেকে একাধিক নেতা-কর্মী আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন। এ উপলক্ষে রোববার দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা আজ এনসিপিতে যোগ দিতে পারেন।
যোগদানকারীদের মধ্যে আপ বাংলাদেশের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।
দলীয় বার্তায় বলা হয়েছে, রিফাত রশিদ জাতীয় যুবশক্তিতে, হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তিতে এবং অন্য কয়েকজন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেতে পারেন।
এনসিপির নেতারা জানিয়েছেন, ধাপে ধাপে আরও অনেকেই দলে যুক্ত হবেন। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দেশের সংস্কারমুখী ও বাংলাদেশপন্থী রাজনীতির পক্ষে থাকা সকলের জন্য এনসিপির দরজা উন্মুক্ত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই যোগদানগুলো দলটির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

