ওয়ান নিউজ ডেস্ক:
আজ ৩ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং তথ্যপ্রবাহের অবাধ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর এই দিনটি গুরুত্বের সঙ্গে উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য— ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সাংবাদিক সমাজ পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা এবং মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করছে। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হচ্ছে।
দিবসটির সূচনা হয় ১৯৯১ সালে ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সুপারিশের মাধ্যমে। পরবর্তীতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে।
এই দিনে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়, সাংবাদিকদের ওপর নির্যাতন ও বাধার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং যারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ করা হয়।
দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

