ওয়ান নিউজ ডেস্ক:
চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাই কোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে থাকা আরও চার মামলার জামিন বিষয়ে আদেশ ঘোষণার জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়েছে।
রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় চিন্ময় দাসের জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে আদালত সিদ্ধান্ত দেন। এর আগে গত বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি সম্পন্ন হয়।
চিন্ময় দাসের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা এক মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে হাজিরের দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আদালত এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সেই ঘটনার মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে তার পরিবার হত্যা মামলা দায়ের করে। একই ঘটনায় পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়।
বর্তমানে এসব মামলায় চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে রয়েছেন।

