ওয়ান নিউজ ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কোনো নেতাকর্মী যদি দলের সাথে বেইমানি বা মুনাফেকি করেন, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের কোনোভাবেই ছাড় দেবেন না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, নির্বাচনের কৌশল নিয়ে প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট রূপরেখা দেবেন এবং প্রতিটি ইউনিয়নের সার্বিক তথ্য তাঁর ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত থাকবে। দলীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি স্পষ্ট করেন যে, ব্যক্তিগত পছন্দের চেয়ে দলের জয় নিশ্চিত করতে সক্ষম এমন ‘উইনিং ক্যান্ডিডেট’ বা সম্ভাব্য বিজয়ী প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষেই কাজ করতে হবে। এর ব্যত্যয় ঘটিয়ে কেউ অন্তরায় সৃষ্টির চেষ্টা করলে তাকে দল থেকে ছিটকে পড়তে হবে বলে সতর্ক করেন তিনি। মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

