ওয়ান নিউজ ডেস্ক:
ইরানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। সোমবার (১১ মে) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত ঘোষণা দেয়।
ব্রিটিশ সরকারের দাবি, অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা তৈরি এবং বিভিন্ন ধরনের গোপন তৎপরতার সঙ্গে জড়িত। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে লন্ডন।
নতুন নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্টদের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া তালিকাভুক্ত ব্যক্তিরা কোনো ব্রিটিশ কোম্পানি বা প্রতিষ্ঠানে পরিচালক কিংবা নীতিনির্ধারণী পদেও দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানানো হয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্যের এই পদক্ষেপ ইরান ও পশ্চিমা দেশগুলোর সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক চাপ বাড়তে থাকায় নতুন নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

