ওয়ান নিউজ ডেস্ক:
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত সংরক্ষণে সহায়তা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজন হলে আগের অভিজ্ঞতার মতো এবারও ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া যেতে পারে।
পুতিন জানান, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সময়ও রাশিয়া ইরানের ইউরেনিয়াম ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছিল। সেই অভিজ্ঞতাকে সামনে রেখে ভবিষ্যতেও সমাধানের পথ খুঁজতে আগ্রহী মস্কো।
তিনি বলেন, একসময় বিভিন্ন পক্ষ ইরানের বাইরে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এরপর তেহরানও নিজেদের অবস্থান পরিবর্তন করে আরও কঠোর মনোভাব গ্রহণ করে বলে মন্তব্য করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় পক্ষের সঙ্গে রাশিয়া নিয়মিত যোগাযোগ রাখছে এবং কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে বলেও আশা প্রকাশ করেন পুতিন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক ইস্যুতে রাশিয়ার এই অবস্থান নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।

