ওয়ান নিউজ ডেস্ক:
ইরানের দেওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
রয়টার্সসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানের প্রস্তাবে বলা হয়েছে—চলমান সংঘাত শেষ না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা না করার অবস্থান নিয়েছে ইরান। তবে এই বিষয়টিই ওয়াশিংটনের আপত্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
হোয়াইট হাউজের অভ্যন্তরীণ সূত্র জানায়, ট্রাম্প প্রশাসন চায় আলোচনার শুরুতেই পারমাণবিক ইস্যুকে গুরুত্ব দিয়ে সমাধানের পথে এগোনো হোক। কিন্তু ইরানের প্রস্তাবে সে ধরনের কোনো অগ্রাধিকার না থাকায় মার্কিন পক্ষের অসন্তোষ তৈরি হয়েছে।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প স্পষ্টভাবে তার অসন্তুষ্টির কথা জানিয়েছেন। একইসঙ্গে সিএনএন জানিয়েছে, বর্তমান প্রস্তাবটি যুক্তরাষ্ট্র গ্রহণ করবে—এমন সম্ভাবনা খুবই কম।
বিশ্লেষকদের মতে, পারমাণবিক ইস্যু বাদ রেখে যদি অবরোধ শিথিল করা হয়, তাহলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের একটি বড় কৌশলগত সুযোগ নষ্ট হতে পারে।
এ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতা কতটা এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

