আন্তর্জাতিক ডেস্ক:
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ রাখতে আপাতত সম্ভাব্য সামরিক পদক্ষেপ স্থগিত রাখা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানান, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং তেহরানের পক্ষ থেকে গ্রহণযোগ্য প্রস্তাব না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে দেশটির গণমাধ্যম জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে অবস্থান পরিষ্কার করা হতে পারে।
উল্লেখ্য, এর আগে ট্রাম্প যুদ্ধবিরতির সময় বাড়ানোর বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। তাই হঠাৎ এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং প্রয়োজনে নতুন করে আলোচনার আয়োজন করা হতে পারে।
তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই অবরোধকে যুদ্ধবিরতির পরিপন্থী বলে মন্তব্য করেছেন।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি বাড়ানো মূলত কূটনৈতিক চাপ মোকাবিলার একটি কৌশল, যা ভবিষ্যতের আলোচনার পথ কিছুটা হলেও উন্মুক্ত রাখতে পারে।
সূত্র: আল-জাজিরা

