ইরানে পাঠানো হলো বাংলাদেশের জরুরি চিকিৎসা সহায়তা

ইরানে পাঠানো হলো বাংলাদেশের জরুরি চিকিৎসা সহায়তা

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইরানের জনগণের জন্য জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সহায়তা ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ইরানে পাঠানো হচ্ছে।

এর আগে, ইরানের আহত মানুষের চিকিৎসা সহায়তায় জরুরি সামগ্রী সংগ্রহের জন্য গত ৬ এপ্রিল এক কোটি টাকা অনুদান দেওয়া হয়। সেই অর্থে কেনা সরঞ্জামই এখন সহায়তা হিসেবে পাঠানো হচ্ছে।

সহায়তা হস্তান্তরের সময় পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।

এদিকে, ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করেছে এবং কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থাকার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *