ডেস্ক রিপোর্ট:
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের শুরু করা ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ মে) দেওয়া এক ঘোষণায় তিনি জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা আলোচনায় অগ্রগতির কারণেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মার্কিন প্রশাসন উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া তেলবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সামরিক সহায়তা কার্যক্রম শুরু করেছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরে বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ সচল রাখতে এই পদক্ষেপ প্রয়োজন ছিল।
সাম্প্রতিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, পারস্পরিক সমঝোতার সুযোগ তৈরি হওয়ায় অল্প সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে, যাতে সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার পথ সহজ হয়। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই ঘোষণার পর আন্তর্জাতিক তেলের বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেলের দাম কমে যায় এবং বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে।
এদিকে হোয়াইট হাউস এখনো স্থগিতাদেশের সময়সীমা বা আলোচনার অগ্রগতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে থাকবে।
সূত্র: রয়টার্স

