ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপকে ‘অবৈধ’ বলল চীন

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপকে ‘অবৈধ’ বলল চীন

ওয়ান নিউজ ডেস্ক:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইনবিরোধী ও অবৈধ বলে মন্তব্য করেছে চীন। বুধবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এ অবস্থান তুলে ধরেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সরাসরি আলোচনার বিকল্প নেই। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।

চীনের এ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে তেহরান। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বেইজিংয়ের বক্তব্য ইরানের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ ও দায়িত্বশীল অবস্থানের প্রতিফলন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ সরাসরি আগ্রাসনের শামিল এবং তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

আরাগচি আরও বলেন, ইরান কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় আগ্রহী। তবে যেকোনো সমঝোতা হতে হবে ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ—এমন শর্তেই তেহরান ভবিষ্যৎ চুক্তিতে এগোবে বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে চীন ও ইরানের এই বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গুরুত্ব তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *