ওয়ান নিউজ ডেস্ক:
নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকার একা সফল হতে পারবে না—দল ও নেতাকর্মীদের সমন্বিত প্রচেষ্টাই হবে আগামী দিনের বড় শক্তি।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী লড়াই শেষ হলেও এখন শুরু হয়েছে নতুন দায়িত্ব পালনের সময়। জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ।
তিনি জানান, নির্বাচনে জনগণ বিএনপির ঘোষিত পরিকল্পনা ও প্রতিশ্রুতির প্রতি সমর্থন দিয়েছে। তাই সেই ইশতেহার এখন শুধু দলের নয়, দেশের মানুষের প্রত্যাশার দলিলে পরিণত হয়েছে।
তারেক রহমান আরও বলেন, সুশাসন, নিরাপদ সমাজব্যবস্থা, মানসম্মত শিক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করবে। এ জন্য দলীয় নেতাকর্মীদেরও জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, “সরকার সফল হবে কি না, তার অনেকটাই নির্ভর করে দল কতটা সহযোগিতা করছে তার ওপর।”
সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে এটি ছিল তারেক রহমানের প্রথম বড় সাংগঠনিক মতবিনিময় সভা।

