ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

ডেস্ক রিপোর্ট:
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট, ১৪ মে পাওয়া যাবে ২৪ মে, ১৫ মে ২৫ মে, ১৬ মে ২৬ মে এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট। একইভাবে ফিরতি যাত্রার ক্ষেত্রে ২১ মে পাওয়া যাবে ৩১ মে, ২২ মে ১ জুন, ২৩ মে ২ জুন, ২৪ মে ৩ জুন এবং ২৫ মে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া ঈদ উপলক্ষে বিক্রিত টিকিট ফেরতযোগ্য হবে না।

যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ (উচ্চ শ্রেণি ছাড়া) স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত সময় অনুযায়ী টিকিট ইস্যু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, এই পরিকল্পনার মাধ্যমে ঈদযাত্রা আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *